কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে যেতে মাইকিং করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা প্রশাসন ও গত বুধবার বিকেলে বন বিভাগের উদ্যোগে দুই দফা মাইকিং করা হয়। কিন্তু বিষয়টি গ্রাহ্য করছেন না বসবাসকারীরা।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালারমারছড়া, হোয়ানক, বড়মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের ২৮টি পাহাড়ের টিলায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন অন্তত ১০ হাজার মানুষ।
কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলির পশ্চিমে পাহাড়ে বসবাসকারী নুরে আলম ও আব্দু শুক্কুর জানান, ২০০৭, ২০০৮ ও ২০১২ সালে ভারী বৃষ্টিতে পাহাড়ধসে একই পরিবারের চারজনসহ আটজনের মৃত্যু হয়।
বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, কয়েক যুগ ধরে পাহাড়ে অন্তত ৩০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং করা হলেও কোনো কাজ হচ্ছে না। ফলে ভারী বৃষ্টিতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। একই কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নোমান হোসেন।