কক্সবাজারের টেকনাফে গত শুক্রবার ভোররাত থেকে ভারী বৃষ্টিপাতে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগ ২৫টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে গিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে রোববার বিকেল থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত মাইকিং করেছে। কিন্তু কেউ কানে নিচ্ছে না।
টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘এখন বর্ষাকাল তার ওপর টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তাই আমরা পুরো উপজেলার বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লোকজনকে সরে যেতে মাইকিং করছি। তারা না সরলে আমরা নিজেরা গিয়ে তাদেরকে উচ্ছেদ করব।’
তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য স্ব স্ব এলাকার আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু লোকজন সরে আসছে না। কেউ কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না।
টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দেব প্রথম আলোকে বলেন, টেকনাফ উপজেলায় জেলা দক্ষিণ বন বিভাগের আওতাধীন ৩৯ হাজার হেক্টর বনভূমির মধ্যে ১৫ হাজার হেক্টর বনভূমিতে অবৈধভাবে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করে। তার মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে ২৫ হাজারের মতো মানুষ। পৌরসভার ফকিরামোরা, নাইট্যংপাড়া, ধুমপেরাংঘোনা, বৈদ্যরঘোনা, নাজিরঘোনা, সদরের গিলাতলি, শিয়াইল্যারঘোনা, উরুমেরছড়া, কেরুনতলি, বরুইতলি, হ্নীলার রোজারঘোনা, জাদিমুরা, উলুচামারী, লেচুয়াপ্রাং, হোয়াইক্যংয়ের সাতঘরিয়াপাড়া, কম্বনিয়াপাড়া, মরিচ্ছ্যাঘোনা, আমতলি, লাতুরিখোলা, হরিখোলা, দৈঘ্যাকাটা, বাহারছড়ার নোয়াখালী, হাজমপাড়া, বাইন্ন্যাপাড়া ও আছারবনিয়া এলাকার পাহাড়কে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টেকনাফের বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত লোকজনকে সরে যেতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদের নেতৃত্বে বাহারছড়া ইউনিয়নে একটি দল ও বন বিভাগের উদ্যোগে চারটি দল কাজ করছে।