মাইকিং সত্ত্বেও পাহাড় থেকে নামছে না মানুষ
কক্সবাজারের বিভিন্ন পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে দুই লাখের বেশি মানুষ। চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি হলে আবারও ঘটতে পারে বড় দুর্ঘটনা। গত মঙ্গলবার কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ধসে ৫৪ জনের মৃত্যুর পর পাহাড় ছেড়ে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হলেও লোকজন পাহাড় ছাড়ছে না। তারা বলছে, মাথা গোঁজার কোনো ব্যবস্থা না করেই প্রশাসন তাদের চলে যেতে বলছে।জানা গেছে, কক্সবাজার শহরতলির বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, পাহাড়তলী, লাইট হাউসপাড়া, সৈকতপাড়া, বাস টার্মিনাল, লারপাড়া, কলাতলী, আদর্শ গ্রাম ও বড়ছড়াসহ বিভিন্ন এলাকায় চরম ঝুঁকি নিয়ে পাহাড়ের চূড়া ও ঢালুতে বসবাস করছে প্রায় এক লাখ মানুষ। এ ছাড়া জেলার টেকনাফ, নিলা ও হোয়াইক্যংসহ বিভিন্ন পাহাড়ে বসবাস করে আরও প্রায় এক লাখ মানুষ। গত মঙ্গলবার সকাল থেকে কক্সবাজার পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে মাইকিং করে লোকজনকে পাহাড় ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে। বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এক হাজারের মতো নারী-শিশু আশ্রয় নিলেও বিপুল সংখ্যক মানুষ পাহাড়েই রয়ে গেছে।শহরের বৈদ্যঘোনার বাসিন্দা নাসির উদ্দিন (৪৫) ও শংকর মঠের দয়াল হরি (৩৫) বলেন, ‘প্রশাসন মাইকিং করে আমাদের পাহাড় থেকে নেমে যেতে বলছে। আমরা নামতে রাজি আছি, কিন্তু আমরা কোথায় গিয়ে থাকব, সে চিন্তা কেউ করছে না।’কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, ‘প্রতিবছর বর্ষাকাল এলেই পাহাড়ে বসবাসরত লোকজন নিয়ে হইচই শুরু হয়। পাহাড়ধসে লোকজন মারা গেলে সরিয়ে আনার চেষ্টা চলে। তারপর আবার তারা পাহাড়ে উঠে যায়। বসবাসের বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত পাহাড় থেকে এদের নামানো সম্ভব নয়।’মহেশখালী উপজেলার ছোট মহেশখালী, শাপলাপুর, কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নে প্রায় ১০ হাজার মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে। ওইসব এলাকা থেকেও লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য গতকাল মাইকিং করেছে প্রশাসন। কিন্তু দারিদ্র্যতার কারণে অন্যত্র আশ্রয় করে নেওয়ার মতো সামর্থ্য এদের অনেকের নেই।কালারমারছড়া ইউনিয়নের ছালিয়াতলী গ্রামের বাসিন্দা বেলাল হোসেন, কামাল হোসেন ও হাবিবুর রহমান বলেন, ‘অন্যত্র সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। কিন্তু কোথায় যাব, কোথায় থাকব, সে ব্যবস্থা নেই। এ কারণে জীবনের ঝুঁকি জেনেও পাহাড়ে থাকতে বাধ্য হচ্ছি।’ উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তাঁর এলাকায় প্রায় ১০ হাজার লোক পাহাড়ে বসবাস করছে। তবে সরিয়ে নেওয়ার জন্য এরই মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৪০টি পরিবারের তালিকা করা হয়েছে।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘লোকজনকে সরে যেতে মাইকিং করা হচ্ছে, কিন্তু কেউ শুনছে না। ভারী বৃষ্টি হলে যেকোনো মুহূর্তে আবার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত টেকনাফে প্রায় দুই হাজার এবং উখিয়া ও কক্সবাজারে দুই হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে। ১৮টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে রেখে তাদের মধ্যে শুকনো ও তরল খাবার এবং ওষুধ-স্যালাইন বিতরণ করা হচ্ছে।