মাইকিংয়ে অতিষ্ঠ সরাইল শহরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শহরে দিনরাত চলছে মাইকিং। মাইকের শব্দে কোমলমতি শিশু শিক্ষার্থী থেকে শুরু করে সব শ্রেণি ও পেশার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এখন বেশি সমস্যা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের।

 স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, সরাইল উপজেলা সদরে বিভিন্ন পণ্য ও সেবার বিষয়ে মানুষকে জানানোর জন্য মাইকিং করা হয়। কিছু ক্ষেত্রে প্রাইভেট ক্লিনিক ও রোগনির্ণয়কেন্দ্রের প্রচার, বিভিন্ন পণ্যের প্রচার, শস্যের বীজ বিক্রি, ক্রীড়াবিষয়ক অনুষ্ঠান ও মূল্যছাড়ের প্রচার চালাতে মাইকিং করা হয়। অনেক ক্ষেত্রে মাইকিং চলে ডিজিটাল পদ্ধতিতে। সেখানে কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে না। সব চলে যন্ত্রের মাধ্যমে। প্রতিদিন সরাইল উপজেলা শহর ও এর আশপাশে প্রায় ৫০টি মাইক বাজানো হয়। এতে এ উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ কষ্ট পাচ্ছে।

উপজেলার বৈকাল বাজারের নরসুন্দর বিজয় বিশ্বাস বলেন, ‘ভাই, নানা পণ্য বিক্রি করতে বিরতিহীন মাইকিং করা হয়। মাইকিংয়ের যন্ত্রণায় দোকানে কাজ করা মুশকিল হয়ে পড়েছে। সারা দিন একটার পর একটা চলতেই থাকে।’

স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব খান বলেন, সড়কের পাশেই বিদ্যালয়ের অবস্থান। এতে মাইকের সামান্য শব্দই ভেতরে বিকট বলে মনে হয়। ফলে শ্রেণিকক্ষে পাঠদানে অনেক সমস্যা হয়।

স্থানীয় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক বলেন, যত্রতত্র মাইকিংয়ের কারণে সৃষ্ট শব্দদূষণে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ব্যাহত হচ্ছে।

 অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী বলে, ‘দিনে মাইকিংয়ের কারণে ক্লাসে আর রাতে নানা অনুষ্ঠানের মাইকের বিকট শব্দে পড়াশোনায় মনোযোগ দিতে পারি না।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান বলেন, এখন এসএসসি পরীক্ষা চলছে। শিক্ষার্থীদের দিনরাত পড়াশোনা করতে হচ্ছে। কিন্তু এখানে যেভাবে দিনরাত মাইক বাজছে, তাতে শিক্ষার্থীদের অসুবিধা তো হবেই। তাই সবার উচিত মাইকিং ও যেকোনো কর্মসূচি দেওয়ার আগে পাবলিক পরীক্ষাগুলোর সময়সূচির দিকে খেয়াল রাখা।

 উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, এসব বন্ধ করতে হলে প্রয়োজন সচেতনতা। সচেতনতার অভাবেই দিনরাত মাইক বাজে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সব রাস্তাঘাট ও বাজারের মাইকিং বন্ধ করতে হবে।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা প্রথম আলোকে বলেন, ‘রাস্তাঘাটে ও বাজার এলাকায় মাইকিং হচ্ছে, তা বন্ধের জন্য দ্রুত পদক্ষেপ নেব।’