সারা দেশে ভোটার হালনাগাদ করতে নির্বাচন কমিশন এবার শুধু মাইকিং বাবদ খরচ করবে সাড়ে পাঁচ কোটি টাকা। নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম গতকাল রোববার সকালে নাটোরের একটি প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে এই তথ্য জানান। এ সময় তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে তাগিদ দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৬ থেকে ২৬ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা ভোটার হালনাগাদের কাজ করবেন। এ উপলক্ষে জেলার ১৩৩ জন তথ্য সংগ্রহকারীকে গতকাল থেকে ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের সচিব রোববার সকাল ১০টায় এই প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন।
সচিব এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, হালনাগাদ কার্যক্রম সফল করতে এবার ভোটারদের সচেতনতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে একযোগে ২০টি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে গ্রামের সাধারণ মানুষকে অবহিত করার জন্য প্রতিটি ইউনিয়নে অন্তত ১০ বার করে মাইকে প্রচার চালানো হবে। এ কাজের জন্য প্রতি ইউনিয়ন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার টাকা। সব মিলিয়ে এই খাতে সারা দেশে সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করা হবে। তবে মাঠপর্যায়ের কর্মকর্তারা এই টাকার সঠিক ব্যবহার করেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি উপস্থিত কর্মকর্তাদের এই টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে বলেন।
এ সময় রাজশাহী বিভাগের নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নায়রুজ্জামান উপস্থিত ছিলেন।