পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনকে সরে যেতে মাইকিং করার সময় চট্টগ্রামের আকবর শাহ মাজার এলাকায় কলোনির মালিকপক্ষের লোকজন বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনার সময় ইদ্রিস আলী (৭৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ইদ্রিস আলী ইয়াসিন কলোনির মালিক ইয়াসিনের বাবা। প্রসঙ্গত, গত মঙ্গলবার আকবর শাহ মাজার এলাকার ইয়াসিন কলোনিতে পাহাড়ধসে সাতজন নিহত হয়। এখনো অনেক লোক ওই কলোনিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। তাদের সেখান থেকে সরে যেতে গতকাল সকালে সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকিং করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইদ্রিস আলী, তাঁর ছেলেসহ কয়েকজন ব্যক্তি সিটি করপোরেশনের কর্মীদের মাইকিং করতে বাধা দেন। এ সময় করপোরেশনের কর্মীদের নাজেহাল করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। ১৩ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, পাহাড়ের পাদদেশ অবৈধভাবে কেটে অর্ধশতাধিক কাঁচা ঘর তৈরি করে স্থানীয় নিম্ন আয়ের লোকজনের কাছে ভাড়া দেন ইয়াসিন আলী। মাইকিংয়ের সময় তাঁরা ওয়ার্ড অফিসের কর্মচারীকে লাঞ্ছিত করেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, মাইকিংয়ে বাধা দেওয়ার কারণে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় করপোরেশনের একজন কর্মী একটি মামলা করেছেন। পুলিশ জানায়, মামলায় ইদ্রিস ছাড়াও অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।