মাইকিংয়ের পর ২১৯৪ কার্ড ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিত্তবানদের নামে বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজি চালের কার্ড ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করার পর ঠাকুরগাঁও সদর উপজেলায় ২ হাজার ১৯৪টি কার্ড ফেরত পাওয়া গেছে। গতকাল বুধবার তালিকা বাছাই কমিটির উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ চাল বিতরণের জন্য তালিকাভুক্ত ব্যক্তিদের কার্ড দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) সহযোগিতায় খাদ্য অধিদপ্তর এ তালিকা করে। কিন্তু ঠাকুরগাঁওয়ের তালিকা তৈরি ও কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে ১৫ অক্টোবর ‘আওয়ামী লীগ নেতাদের স্বজন, মৃত ব্যক্তি, শিশুদের নামেও কার্ড’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। এরপর কর্মসূচিতে স্বচ্ছতা আনতে সদর উপজেলার ইউপি চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা করে তালিকা সংশোধনের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
এরপর তালিকা সংশোধনে বিত্তবান ও কার্ড পাওয়ার অযোগ্য ব্যক্তিদের কাছে কার্ড ফেরত চেয়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। এ সময় ঘোষণা করা হয়, কার্ড পাওয়ার অযোগ্য ব্যক্তিদের ইউনিয়ন চেয়ারম্যানের কাছে কার্ড হস্তান্তর করবেন। নতুবা কার্ডধারীর বিরুদ্ধে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে গত ১৮ অক্টোবর প্রথম আলোতে ‘ঠাকুরগাঁওয়ে কার্ড ফেরত চেয়ে মাইকিং’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়। এ ঘোষণার পর ইউপি চেয়ারম্যানদের কাছে কার্ড পাওয়ার অযোগ্য ব্যক্তিরা একে একে কার্ড জমা দিতে শুরু করেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পর্যন্ত উপজেলায় ২ হাজার ১৯৪টি কার্ড ফেরত দিয়েছে ইউনিয়ন বাছাই কমিটি। বড়গাঁও ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি ৩৪৪টি কার্ড ফেরত পাওয়া গেছে। এরপরের অবস্থান রহিমানপুরের। তাঁরা ২৭৫টি কার্ড ফেরত দিয়েছেন। এ ছাড়া মোহাম্মদপুরে ১৮৮টি, জামালপুরে ১৩৮, দেবীপুরে ১৫২, বালিয়ায় ১২৮, নারগুনে ১০১, গড়েয়ায় ১১৭, শুকানপুকুরীতে ৯৪, আকচায় ৮২, রুহিয়ায় ৭৮, বেগুনবাড়ীতে ৭৭, রায়পুরে ৬২, জগন্নাথপুরে ৬১, আউলিয়াপুরে ৫৮, রাজাগাঁওয়ে ৫৬, রুহিয়া পশ্চিমে ৫৫, চিলারংয়ে ৫৩, সালন্দরে ৩৮, আখানগরে ২২ ও ঢোলারহাট ইউনিয়ন থেকে ১৫টি কার্ড ফেরত পাওয়া গেছে।
বড়গাঁও ইউপির চেয়ারম্যান প্রভাত কুমার সিং বলেন, দলীয় লোকজন হতদরিদ্র ব্যক্তিদের তালিকা করে সরকার কার্ড দিয়েছিল। কার্ড পাওয়ার যোগ্যতা বিবেচনা না করে তাঁদের পছন্দের লোকজনকে কার্ড দেওয়ায় এখানে অনিয়ম হয়েছে। জামালপুরের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী বলেন, মাইকিংয়ের পর ১৩৮ জন বিত্তবান কার্ড ফেরত দিয়েছেন। এরপর স্বচ্ছ তালিকা তৈরি করে উপজেলায় জমা দেওয়া হয়েছে।
ইউএনও আশরাফুল ইসলাম বলেন, ‘বিভিন্ন ইউনিয়নে অনিয়মের মৌখিক ও লিখিত অভিযোগ পাওয়ার পর অসংগতিগুলো দূর করতে কাজ করা হয়। এরপরই ওই ২ হাজার ১৯৪টি কার্ড ফেরত আসে। আশা করছি, এখন আর অনিয়ম পাওয়া যাবে না। মনিটরিং জোরদার করা হয়েছে।’