মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিলকেন্দুয়া গ্রামে। ছয় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় দলের অর্ধশতাধিক লোক আহত হয়েছে।সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ২৫টি ঘর ভাঙচুর ও লুটতরাজ করে দাঙ্গাবাজেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা এবং ছয়টি কাঁদানে গ্যাসের শেল ও দুটি রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকাবাসী ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিলকেন্দুয়া গ্রামের বিএনপির নেতা আনোয়ার হোসেনের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগের নেতা নছর মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বিকেলে আনোয়ারের সমর্থকেরা নছর মিয়ার সমর্থক সামছুল হককে মারধর করে। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। রাত আটটার দিকে আনোয়ার হোসেন মসজিদের মাইকে নিজের সমর্থকদের সংঘর্ষের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।পূর্বঘোষণা অনুযায়ী গতকাল ভোর পাঁচটায় আনোয়ারের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নছরের সমর্থকদের বাড়িতে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ছয় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা এবং ছয়টি কাঁদানে গ্যাসের শেল ও দুটি রাবার বুলেট নিক্ষেপ করে বেলা ১১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব বলেন, ছয়টি কাঁদানে গ্যাসের শেল ও দুটি রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের সৃষ্টি হয়।