মাইকে ঘোষণা দিয়ে সংযোগ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন তালুকদারের নেতৃত্বে তিতাস গ্যাসের ঠিকাদার আবদুর রাজ্জাকের মাধ্যমে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে। তিনি ইউনিয়নের শুভুল্যা গ্রামের ৫০ ব্যক্তির কাছ থেকে প্রায় ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এলাকাবাসী জানান, হুমায়ুন তালুকদারের নির্দেশে ৭ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর শুভুল্যা জামে মসজিদের মাইকে ইমাম লুৎফর রহমান শুভুল্যা গ্রামে ৫০ জনকে ৫০ থেকে ৫২ হাজার টাকার বিনিময়ে গ্যাস-সংযোগ দেওয়ার ঘোষণা দেন। ওই সময় বলা হয়, যিনি আগে টাকা দেবেন, তাঁকে আগে সংযোগ দেওয়া হবে।
গ্যাস-সংযোগ পেতে চেয়ারম্যানকে টাকা দিয়েছেন এমন পাঁচজনের সঙ্গে কথা বললে তাঁরা জানান, মসজিদের মাইকে গ্যাসের সংযোগের ঘোষণা দেওয়া হয়। হুমায়ুন তালুকদারকে টাকা দিয়েছেন বলেও জানান তাঁরা।
গত শুক্রবার শুভুল্যা গ্রামে গিয়ে দেখা গেছে, রাস্তা খুঁড়ে গ্যাসের পাইপ বসানো হচ্ছে। গ্রামের মধ্যপাড়া রাস্তার পাশে কয়েকজন শ্রমিক একটি পিকআপ ভ্যান (দিনাজপুর-ন-১১-০০০৮) থেকে পাইপ নামাচ্ছেন। শ্রমিকেরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে যাওয়া গ্যাসের মূল লাইন থেকে গ্রামে সংযোগ দেওয়ার কাজ চলছে।
তিতাস গ্যাস টাঙ্গাইলের প্রকৌশলী বরুণ কুমার বলেন, ওই গ্রামে সংযোগ উচ্ছেদের জন্য গেলে লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয়। পরে তাঁরা চলে আসেন।
গ্যাসের সংযোগ নিতে মাইকে ঘোষণার বিষয়ে জানতে চাইলে মসজিদের ইমাম লুৎফর রহমান বলেন, চেয়ারম্যান সাহেব বলেছিলেন, এ জন্য জুমার নামাজের সময় গ্যাস-সংযোগ নিতে আগ্রহী মুসল্লিদের বিষয়টি জানানো হয়েছিল।
ইউপি চেয়ারম্যান হুমায়ুন তালুকদার বলেন, ‘সারা দেশে অবৈধভাবে গ্যাস-সংযোগের বিষয়টি জানতে পেরে আমরাও ঠিকাদারদের সাথে যোগাযোগ করে গ্যাস নেয়ার চেষ্টা করছি।’