মাইকে পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারে অতিষ্ঠ মানুষ
বৃহস্পতিবার দুপুর ১২টা। ছুটির দিন হওয়ায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় তখন ঈদে কেনাকাটা করতে আসা শহরমুখী মানুষের উপচে পড়া ভিড়। মানুষের কোলাহলের মধ্যেই কবি নজরুল ইসলাম সড়ক থেকে মাইকে বিকট শব্দে ভেসে আসে ‘এই ঈদে কেনাকাটার জন্য আসুন... সুপার স্টোরে’।একটু পরেই থানা মোড় থেকে সাতমাথার দিকে আসে আরও একটি রিকশা। রিকশার সামনে-পেছনে দুটি মাইক লাগিয়ে চালানো হচ্ছে শহরের নওয়াববাড়ি রোডের একটি মোবাইল মার্কেটের প্রচার। এক মিনিটের মাথায় নওয়াববাড়ি রোড হয়ে থানা মোড়ের দিকে আসে শহরের একটি হোটেলের লাচ্ছা সেমাইয়ের প্রচার চালানো রিকশা।সাতমাথা গোল চক্কর ছাড়তে না ছাড়তেই স্টেশন রোড হয়ে আসে খাঁটি ঘি বিক্রি ও আরও একটি প্রচার মাইকের রিকশা। ঈদ সামনে রেখে পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণার নামে দিনভর মাইকে এমন শব্দদূষণে অতিষ্ঠ বগুড়া শহরে কেনাকাটা করতে আসা মানুষ। দিনভর প্রচার মাইকের শব্দে কান ঝালাপালা শহরবাসীর।নিউমার্কেটে কেনাকাটা করতে আসা পিরব বাজারের রফিকুল ইসলাম জানান, এ শহরে ঈদের কেনাকাটা করতে এসে সবাই মাইকের শব্দে অতিষ্ঠ। রোজার দিনে বিকট শব্দে মাইকে এ প্রচারণা একেবারে অসহ্য। শহরের হাকির মোড়ের বাসিন্দা আবদুল কুদ্দুস জানান, রোজার প্রথম থেকেই কবি নজরুল ইসলাম সড়কে রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। শব্দদূষণের দায়ে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও প্রচার মাইকের রিকশাগুলোকে না আটকিয়ে অবাধে চলাচল করতে দিচ্ছে পুলিশ।জলেশ্বরীতলার অভিজাত শপিং মলে কেনাকাটা করতে আসা সেউজগাড়ি এলাকার মিলি আখতার জানান, অভিজাত এ এলাকায় বিকট শব্দে অবিরাম প্রচার মাইক চালানো হচ্ছে। কানে তুলা দিয়ে কেনাকাটা করা ছাড়া কোনো উপায় নেই। জলেশ্বরীতলা কালীমন্দির মোড়ের বাসিন্দা আশফাক আহম্মেদ জানান, এ এলাকায় এভাবে মাইকে প্রচারণা চালানো রীতিমতো বেআইনি কাজ। তা ছাড়া এ এলাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রচার মাইক এখানে নিষিদ্ধ করা উচিত।লাচ্ছা সেমাইয়ের প্রচার মাইকের রিকশাচালক রশিদ মিয়া জানান, প্রচারণার এ কাজে প্রচারকর্মীর প্রয়োজন পড়ে না। রেকর্ড করা বাণী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচার করা হয়। এ কাজ করে দিন শেষে আড়াই শ টাকা মজুরি দেন প্রতিষ্ঠানের মালিক। আইনি-বেআইনির বিষয়টি তাঁর দেখার বিষয় নয়।বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, নির্বিঘ্নে ঈদের কেনাকাটা নিশ্চিত করতে শহরে মাইকে শব্দদূষণের বিষয়টি পৌরসভার পাশাপাশি পুলিশেরও দেখা দরকার। বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ঈদের কেনাকাটা যাতে বিঘ্নিত না হয়, এ জন্য পুলিশ ইতিমধ্যেই শহরকে যানজটমুক্ত রাখতে নানা উদ্যোগ নিয়েছে। মাইকের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধেও পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। ঈদ পর্যন্ত পুলিশের অনুমতি ছাড়া শহরে কোনো ধরনের মাইকে প্রচারণা চালাতে দেওয়া হবে না।