মাইকে বাঁধ রক্ষার আহ্বান
পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরাঞ্চলে পাঁচ হাজার একর জমির আধাপাকা বোরো ফসল তলিয়ে গেছে। পানির চাপে হাওরের আরও ১০টি বাঁধ হুমকির মুখে পড়েছে। স্থানীয় মসজিদের মাইকে আহ্বান জানিয়ে যার যা আছে তাই নিয়ে বাঁধ রক্ষায় ঝাঁপিয়ে পড়ছেন।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, নিকলীর বরুলিয়া বাঁধ, বড় হাওরের বাঁধ, ভাটি বরাইটার মাধাইনগর বাঁধ, সিংপুরের কয়রা বাঁধ, লাউঢর বাঁধ, চাইচর বাঁধ, ঘোড়াদিঘার জাইলভাঙ্গা বাঁধ, দিখলার বাঁধ, ঘাঘাইরা বাঁধ ও দরুসখা বাঁধ রক্ষায় ব্যর্থ হলে বিশাল হাওরের জমির উঠতি বোরো ফসল পানিতে তলিয়ে যাবে।বাইরচর, বান্ডারচর, ইসবদিরচর, পরানেরচর, বৈরাগীরচর, দিঘলারচর, হডারচর ও শোলাবারিয়ারচরের প্রায় পাঁচ হাজার একর উঠতি বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। অনেক কৃষক পানিতে তলিয়ে যাওয়ার ভয়ে কাঁচা ধান কেটে ফেলছেন। ঘোড়াদিঘা গ্রামের কৃষক খলিল মিয়া বলেন, জাইলভাঙ্গা বাঁধ ও ঘোড়াদিঘা নদীর পাড় রক্ষা বাঁধ মেরামতের জন্য স্থানীয় লোকজন চেষ্টা করছে। এই দুটি বাঁধ ভেঙে গেলে ৬০ হাজার একরের বোরো ধান নিশ্চিহ্ন হয়ে যাবে। কৃষকেরা মসজিদের মাইকে আহ্বান জানিয়ে বাঁধ রক্ষায় ঝাঁপিয়ে পড়লেও প্রশাসনিক সহযোগিতা মিলছে না। তিনি জরুরিভিত্তিতে সরকারি বরাদ্দ দাবি করেন। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘ডুবে যাওয়া চরগুলো পরিদর্শন করেছি। তলিয়ে যাওয়া ফসলগুলো নষ্ট হয়ে যাবে।’নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, বাঁধগুলো হুমকির মুখে, সেখানকার জনপ্রতিনিধিদের বলা হয়েছে, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বাঁধ রক্ষা করতে। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।