লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদিন ৬৭টি মাইক দিয়ে তাঁদের প্রচার চালানো হচ্ছে। এসব মাইকের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ পৌর নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, ৬০ জন কাউন্সিলর প্রার্থী ও দুজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী নির্বাচন করছেন। একজন প্রার্থীর পক্ষে প্রতিদিন নির্বাচনী এলাকায় একটি করে মাইকিং করার নিয়ম রয়েছে। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত চলে মাইকিং। ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে মাইকে প্রচার চলছে।
তিনজন জনপ্রতিনিধি বলেন, নির্বাচন কমিশন জনগণের কল্যাণে অনেক আচরণবিধি করেছে। বিধিগুলো মানছেনও প্রার্থীরা। ভোটের সময় মাইকের শব্দে লোকজনের সবচেয়ে বেশি কষ্ট হয়। কমিশন মাইকিং করার সময়ের ব্যাপারে আরও কঠোর হলে জনগণ উপকৃত হবে। যেমন আইন করা যেতে পারে একজন প্রার্থী সাত দিনের বেশি মাইকিং করতে পারবেন না। এতে একদিকে নির্বাচনী ব্যয় কমে যাবে। অন্যদিকে শব্দদূষণও কমে আসবে।
কলসমা এলাকার এসএসসি পরীক্ষার্থী মো. জাহাঙ্গীর আলম ও এমরান হোসেন বলে, ‘১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। দুপুর থেকে রাত পর্যন্ত মাইকিং চলে। এতে আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। অনেক সময় মাইকের শব্দে অতিষ্ঠ হয়ে কানে আঙুল দিয়ে পড়ার টেবিলে বসে থাকতে হয়।’
মাইক ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মেয়র ও কাউন্সিলর প্রার্থীর লোকজন দেড়টার দিকে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় মাইক বেঁধে প্রস্তুত করে রাখেন। দুইটা বাজার সঙ্গে সঙ্গেই শুরু করে দেন মাইকিং।
ওষুধ ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, ‘শহরে একটির পর একটি মাইক আসতেই থাকে। এতে কান ঝালাপালা হয়ে যায়। মাইকের যন্ত্রণাদায়ক শব্দের কারণে মুঠোফোনে কথা বলাসহ কাজকর্ম করা যায় না। তবে মাইকিংটাকে আরও সীমিত করে দেওয়া উচিত।’
তিনজন মেয়র ও চারজন কাউন্সিলর প্রার্থী বলেন, নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর বেশি দিন না থাকায় তাঁরা প্রতিদিনই মাইকিং করাচ্ছেন। জনগণের কথা চিন্তা করে নির্বাচন কমিশন মাইকিংয়ের সময়সীমা কমিয়ে আনলে তাঁরা মেনে নেবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল হক মজুমদার বলেন, নিয়মনীতি মেনেই প্রার্থীরা মাইকিং করছেন। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। ভোগান্তির কথা চিন্তা করে মাইকিংয়ের বিষয়ে নীতিমালা করলে জনগণ উপকৃত হবে।