মাইকের শব্দে এলাকাবাসী অতিষ্ঠ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে ৫৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদিন ৫৪৫টি মাইকে তাঁদের প্রচারণা চালানো হচ্ছে। এসব মাইকের শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। পাশাপাশি ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। রায়পুর এল এম মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র পারভেজ আহামেদ, কামাল হোসেন ও ফারহানা আক্তার জানায়, দুপুর থেকে রাত পর্যন্ত চলে নির্বাচনী মাইকিং। এতে তাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে। মাইক ব্যবসায়ী ফারুক আহমেদ জানান, উপজেলার ২০টি মাইকের দোকানে এখন জমজমাট ব্যবসা চলছে। তা ছাড়া জেলার যেসব উপজেলায় নির্বাচন নেই, সেসব উপজেলার মাইকগুলোও এখন রায়পুরে চলে এসেছে।আগামী ১২ ও ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার বলেন, নিয়মনীতি মেনেই প্রার্থীরা মাইকিং করছেন। এ ক্ষেত্রে জনগণের ভোগান্তি হচ্ছে এটা সত্যি। ভোগান্তির কথা চিন্তা করে নীতিমালা করলে জনগণ উপকৃত হবে।