মাইকের শব্দে কান ঝালাপালা
বগুড়ার ধুনট পৌরসভার আয়তন মাত্র ছয় বর্গকিলোমিটার। এখানে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫০ জন। এসব প্রার্থীর পক্ষে ৫৬টি মাইকে প্রচারণা চলছে। এতটুকু জায়গায় ৫৬টি মাইকের শব্দে পৌরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।ধুনট উপজেলার নির্বাচনী কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ জানুয়ারি ধুনট পৌরসভা নির্বাচনে ছয়জন মেয়র, ২৯ জন কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তাঁরা নিজ নিজ প্রচারকাজে একটি করে মাইক ব্যবহার করছেন। এর মধ্যে মেয়র প্রার্থীদের পক্ষে একটি রিকশার আগে-পিছে দুটি করে মাইক লাগিয়ে প্রচারণা চালানো হচ্ছে। সামান্য আয়তনের এলাকায় প্রচারের জন্য এত মাইক ব্যবহার করায় সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত একসঙ্গে চলে এসব প্রচারণার কাজ। সন্ধ্যার পর মাইকের শব্দ যেন দ্বিগুণ হারে বেড়ে যায়। এ সময় মাইকের বিকট শব্দে শিক্ষার্থীদের লেখাপড়ায় ও শিশুদের ঘুমের ব্যাঘাত ঘটে। পৌর এলাকার বাসিন্দা আবদুস ছাত্তার বলেন, ‘নির্বাচনী প্রচারণার কাজে নিয়োজিত মাইকের উচ্চশব্দে কান ঝালাপালা হয়ে যায়। কাউকে কিছু বলতে গেলেও সমস্যা দেখা দেয়। এ কারণে সবকিছু নীরবে মেনে নিতে হচ্ছে।’ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার গৃহিণী আকতার জাহান জানান, প্রচারণার মাইকের শব্দে বাচ্চাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে। ধুনট সদর এলাকার স্কুলছাত্রী সুমানা পারভিন বলে, ‘মাইকের জন্য কানে কিছু শোনা যায় না। লেখাপড়া করব কীভাবে! বছরের শুরুতে বিনা টাকায় নতুন বই পেয়েছি। একটু আনন্দ নিয়ে পড়তে চেয়েছিলাম। কিন্তু সন্ধ্যার পর মাইকের বিকট শব্দে পড়ায় মন বসাতে পারি না।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদুল হাসান জানান, প্রত্যেক প্রার্থী একটি করে মাইক দিয়ে বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত তাঁদের প্রচারকাজ চালাতে পারবেন। এর অধিক কেউ ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি অমান্যের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে।