মাইকেল অ্যাঞ্জেলোর নামে ছেলের নাম রাখতে চেয়েছিলেন সিমোনে
ইতালির সিমোনে মন্তি তাঁর অনাগত সন্তানের নামও ঠিক করে রেখেছিলেন। সে দেশের বিশ্বখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর নামে নাম রাখতে চেয়েছিলেন। সেই সন্তান তো পৃথিবীর মুখ দেখতেই পায়নি, ৩৩ বছরের সিমোনেও অকালে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। গত ১ জুলাই গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় তিনি নিহত হন।
ইতালির পত্রিকা লা রিপাবলিকা ঢাকার গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার পরপরই নিহত ৯ ইতালীয় নাগরিকের ছবিসহ তাঁদের পরিচয় প্রকাশ করে। তারা লিখেছে, নিহত চারজন পুরুষ ও পাঁচজন নারী। এঁদের মধ্য সিমোনে মন্তি ছিলেন সন্তানসম্ভবা। রোম থেকে ৭০ কিলোমিটার উত্তরে ছোট শহর ম্যাগলিয়ানো সাবিনোতে বসবাসরত সিমোনের ধর্মযাজক ভাই রেভারেন্ড পত্রিকাকে জানিয়েছেন, নয় বছর ধরে বাংলাদেশে কাজ করছিলেন সিমোনে। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিগগির তাঁর লম্বা ছুটিতে ইতালি ফেরার কথা ছিল। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সিমোনে তাঁর অনাগত সন্তানের নাম রাখতে চেয়েছিলেন ইতালির বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর নাম অনুসারে।
পত্রিকাটি আরও জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী ম্যাটিও রেঞ্জ বলেন, ‘এই ঘটনায় ইতালি কাঁদছে। যাঁরা নিহত হয়েছেন তাঁরাসহ ইতালির সব মানুষ একটি পরিবারের মতো। তবে আমরা ধর্মীয় জঙ্গিদের কাছে কোনো সময় মাথা নত করব না।’
রোমে দীর্ঘদিন থেকে বসবাসরত শিল্পী উত্তম কুমার কর্মকার প্রথম আলোকে বললেন, ইতালিজুড়ে বিশাল বাংলাদেশি কমিউনিটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে বসবাস করছে। ইতালির নাগরিকদের এই হত্যাকাণ্ডের ঘটনায় তাঁরা আতঙ্কিত ও হতবাক হয়ে পড়েছেন। তিনি বলেন, প্রবাসে যাঁরা থাকেন, তাঁরা সবাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, প্রত্যেককেই সে দেশের জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতে হয়। তাঁদের কাজকর্ম, সাফল্য গৌরবগাথা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনে।