মাইক্রোবাস চাপায় প্রাণ গেল দুই কিশোরের
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় মাইক্রোবাসের চাপায় দুই কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন এক নারী। গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত দুই কিশোরের মধ্যে একজন কুমিল্লার নাঙ্গলকোট এলাকার বাসিন্দা ওয়াহিদুল আলমের ছেলে আবদুল মান্নান (১৬)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহত শারমিন আক্তার (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, বহদ্দারহাটের বহদ্দার পুকুর পাড় এলাকায় কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ডাস্টবিনে ঢুকে পড়ে। তখন সেখানে দুই কিশোর ও এক নারী পরিত্যক্ত কাগজ ও বোতল খুঁজছিলেন। মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। অন্যজন আহত হন। ওসি জানান, দুর্ঘটনার পরপরই মাইক্রোবাস রেখে চালক পালিয়ে গেছেন। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে হাসপাতালের মর্গের সামনে নিহত মান্নানের বড় ভাই আবদুল আলী প্রথম আলোকে বলেন, মান্নান বহদ্দারহাট কাঁচাবাজারে মাছ কাটার কাজ করত। গভীর রাতে বহদ্দার পুকুর পাড় এলাকায় সে কেন গিয়েছে, তা তাঁর জানা নেই।