মাইক্রোবাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে মারামারি
বরিশাল নগরে মাইক্রোবাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল শনিবার দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে।
নথুল্লাবাদ বাস টার্মিনালের বেশ কয়েকজন শ্রমিক জানান, বরিশাল থেকে কাওড়াকান্দি পথে চলাচলকারী মাইক্রোবাসের স্ট্যান্ড দখল নিয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার এবং জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। একপর্যায়ে উভয় পক্ষ স্ট্যান্ড এলাকায় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অবস্থান নেয়। পরে পুলিশ মাইক্রোবাস চলাচল বন্ধ করে দেয়।
বরিশাল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘বরিশাল-কাওড়াকান্দি রুটে মাইক্রোবাস চলাচল নিয়ন্ত্রণ করে পরিবহন শ্রমিক ইউনিয়ন। সাম্প্রতিক সময়ে কাওড়াকান্দি মাইক্রোবাস মালিক সমিতির দোহাই দিয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার স্ট্যান্ডটি দখলে নিতে চান। এর অংশ হিসেবে গতকাল শাহজাহান হাওলাদারের নেতৃত্বে মামুন মেম্বারসহ একদল সন্ত্রাসী শ্রমিকদের মারধর করে টাকা ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে আমার ছোট ভাই সেখানে গেলে তাঁকেও মারধর করে।’
এ ব্যাপারে জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার বলেন, বরিশাল-কাওড়াকান্দি পথে মাইক্রোবাস পরিচালনার জন্য কাওড়াকান্দি রেন্ট-এ-কার মাইক্রো মালিক সমিতি তাঁকে দায়িত্ব দিয়েছে। কিন্তু শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীরের লোকজন তাঁর লোকজনকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, নথুল্লাবাদ থেকে কাওড়াকান্দি পর্যন্ত মাইক্রোবাস সার্ভিস পুরোপুরি অবৈধ। মাইক্রোবাস স্ট্যান্ড দখল নিয়ে প্রায়ই ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। তাই শৃঙ্খলা বজায় রাখতে মাইক্রোবাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে।