মাইক্রোবাসের চাপায় নিহত ২
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়ায় মাইক্রোবাসের চাপায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ও এর আরোহী নিহত হয়েছেন। গত সোমবার রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মোটরসাইকেলচালক জাফর হোসেন (৩৫) ও আরোহী বনি আমিন (২০)। বনি আমিন বরগুনার আমতলী উপজেলার কুলাইরচর গ্রামের মোজাম্মেল চৌকিদারের ছেলে। তিনি আমতলী সরকারি কলেজে স্নাতক শ্রেণির ছাত্র ছিলেন। জাফরের বাড়ি দক্ষিণ রাওঘা গ্রামে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সোমবার সকালে বনি আমিন ঢাকায় পুলিশে কর্মরত তাঁর বন্ধু মো. সজীবকে বিদায় জানাতে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে আমতলী থেকে বরিশাল আসেন। সন্ধ্যায় বন্ধুকে লঞ্চে তুলে দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়ায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বনি আমিন ও জাফর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই তাঁদের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল মঙ্গলবার সকালে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।