মাইক্রোবাসের চাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে গতকাল বৃহস্পতিবার মাইক্রোবাসের চাপায় নাজমুল হোসেন (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত শিশু নাজমুল উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি গ্রামের লাভলু মিয়ার ছেলে। সে পূর্ব সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল পৌনে নয়টার দিকে নাজমুল বাড়ি থেকে বেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে পূর্ব সারডুবির অন্ধ হাফেজ সাহেবের মাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে যান।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ওই বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা মহাসড়কের ওই স্থান অবরোধ করে। পরে হাতীবান্ধা থানা-পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশু শিক্ষার্থী নাজমুল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া মাইক্রোবাসটি চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি জেলার সব থানা ও পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে।’