মাইক্রোর ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় গতকাল শুক্রবার মাইক্রোবাসের ধাক্কায় বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির ছাত্র সৈয়দ সাজেদুল ইসলাম (১৯) নিহত হয়েছেন। তিনি ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছয়টার দিকে ক্লাস শেষ করে সাজেদুলসহ দুজন রোকেয়া সরণির গ্রিন ইউনিভার্সিটি থেকে রিকশায় করে সেনপাড়া পর্বতার দিকে যাচ্ছিলেন। তালতলা এলাকায় একটি মাইক্রোবাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিয়ে ফুটপাতে উঠে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদুল নিহত হন। সাজেদুলের সঙ্গী, ওই রিকশাচালক এবং এক পথচারী আহত হন। পরে স্থানীয় লোকজন মাইক্রোবাসটি ভাঙচুর করে। পুলিশ মাইক্রোবাস ও এর চালক নজরুল ইসলামকে আটক করেছে।
গ্রিন ইউনিভার্সিটির উপনিবন্ধক সাইফুল ইসলাম বলেন, সাজেদুল সেনপাড়া পর্বতা এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে।
দুর্ঘটনার পর গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজট তৈরি হয়।
কাফরুল থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে।