মাইক্রো-সিএনজি মুখোমুখি, নিহত ২
ফেনীর দাগনভূঞা উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। উপজেলার বেকের বাজার এলাকায় গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জনতা ব্যাংক লিমিটেড, ফেনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা রুহুল আমিন (৫০) ও অটোরিকশাচালক মনির আহম্মদ (৪৫)। রুহুল আমিনের বাড়ি দাগনভূঞার দক্ষিণ মোমারিজপুর ও মনিরের বাড়ি একই উপজেলার মোমারিজপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের বেকের বাজার এলাকায় একটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। চালক মনির আহম্মদ (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। যাত্রী রুহুল আমিন আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিম উদ্দিন জানান, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।