মাইক্রোবাস খাদে পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আজ শনিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাহফুজুর রহমান (২৪)।

খবরের সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। আহত হন সাতজন। হতাহত সবাই মাইক্রোবাসের ছাত্রী ছিলেন। লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

দুর্ঘটনার পর পর হাইওয়ে পুলিশ মাইক্রোবাসটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। এই সময় মহাসড়কে তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে নয়টায় মহাসড়ক যানজটমুক্ত হয়।

এর আগে আজ ভোর পাঁচটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট নেই বলে জানায় পুলিশ।

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) রজব আলী বলেন, ভোর পাঁচটা থেকে মহাসড়ক সম্পূর্ণ যানজটমুক্ত হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এবং দাউদকান্দি অংশ পরিদর্শন করবেন। তিনি বলেন, ‘আশা করছি, ঈদ পর্যন্ত মহাসড়ক যানজটমুক্ত থাকবে।’

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ে মেঘনা সেতুর ওপর চারটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে যে যানজটের সৃষ্টি হয়, তা আজ ভোর পাঁচটা পর্যন্ত একটানা চলতে থাকে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।