মাইক্রোবাস চাপায় প্রাণ গেল রিকশা আরোহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১০ নম্বরের কাছে আজ বৃহস্পতিবার রাতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চারটি রিকশাকে চাপা দিলে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি আনিসুর রহমান (৩০) সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) কর্মী।

মিরপুর থানার পুলিশ জানায়, আজ রাত ১০টার দিকে মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের কাছে ট্রাফিক মোড়ে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চারটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাযাত্রী আনিসুর রহমানসহ চারজন আহত হন। আহত অবস্থায় আনিসুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে আজমল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাইক্রোবাসের চাপায় রিকশাগুলো দুমড়ে মুচড়ে গেছে।

মৃত্যুর খবরে আনিসুরের ভগ্নিপতি মতিউর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। আনিসুরের লাশ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। মতিউর বলেন, আনিসুর গাজীপুরে এসএমসিতে চাকরি করতেন এবং তিনি সেখানেই থাকতেন। আজ সন্ধ্যায় আনিসুর গাজীপুর থেকে বাসে মিরপুর ১০ নম্বরে নামেন। সেখান থেকে রিকশায় তাঁর বাসায় ফেরার সময় একটি মাইক্রোবাস তাঁকে বহনকারী রিকশাটি চাপা দিলে আনিসুর মারা যান। তাঁর বাড়ি চাঁদপুরে।

পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদ আহাম্মদ প্রথম আলোকে বলেন, চালকসহ মাইক্রোবাসটি আটক করা হয়েছে। আনিসুরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।