মাইক্রোবাস ছিনতাই করে চালককে হত্যা নড়াইলে গ্রেপ্তার ৫
কুষ্টিয়া থেকে মাইক্রোবাস ছিনতাই করে নড়াইলে চালককে হত্যা করেছে দুর্বত্তরা। মাইক্রোবাসটি বিক্রির সময় পুলিশ আন্তজেলা ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার ও মাইক্রোবাসটি উদ্ধার করে। পরে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে কুষ্টিয়া শহর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে নড়াইলে প্রবেশ করে দুর্বত্তরা। গভীর রাতে ছিনতাইকারীরা সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামে চালক ইয়ারুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মাইক্রোবাসটি লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুল আমীর লিটুর কাছে বিক্রি করতে গেলে পুলিশ খবর পেয়ে মাইক্রোবাসটি আটক ও ছিনতাইকারী দলের সদস্য সদর উপজেলার ধুড়িয়া গ্রামের মঞ্জুরকে (২৮) গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সদর থানার পুলিশ গত রোববার রাতে যশোর শহরের লেবুতলার সোহেল রানা, বাঘারপাড়ার মথুরাপুর গ্রামের সাইফুল ও পুলেরহাটের শহিদুল ইসলাম এবং মাগুরার মহম্মদপুর উপজেলার বনগ্রামের বাবুল শেখকে গ্রেপ্তার করে। নড়াইল সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত চালক ইয়ারুল ইসলাম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া গ্রামের আ. রশিদের ছেলে।