মাইক্রোবাস পুকুরে, একই পরিবারের ৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশিগঞ্জে চালক নিয়ন্ত্রণ হারালে একটি মাইক্রোবাস সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাট্টাজোর এলাকায় বকশিগঞ্জ-রাজিবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- বাবুল মিয়া (২৬), তাঁর স্ত্রী শিল্পী বেগম (২২) ও তাঁদের আট মাস বয়সী ছেলে আবদুল্লাহ। আহত তিনজন হলেন বাবুলের দুই ভাই সাইদুর রহমান ও বাদশা মিয়া এবং বাদশার শ্যালক রিপন।

পুলিশের ভাষ্য, একই পরিবারের ছয় জন মাইক্রোবাসে করে ঢাকা থেকে কুড়িগ্রাম জেলার রাজিবপুর যাচ্ছিলেন। বকশিগঞ্জের বাট্টাজোর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি সড়কের পাশে পুকুরে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিনুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁদের প্রাথমিক চিকিৎ​সা দেওয়া হয়। মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে।