মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব সুয়াবিল এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হালিমা খাতুন (৬০), পারভীন আক্তার (৩০) ও চেমন আরা বেগম (৬০)। তাঁরা সবাই হারুয়ালছড়ি গ্রামের আমানবাজার এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে আমানবাজার এলাকায় যাচ্ছিলেন তাঁরা। ষোলবিল নামক স্থানে পৌঁছার পর হঠাত্ করে মাইক্রোবাসের পেছনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ওই তিনজনের মৃত্যু হয়। পুড়ে যাওয়া তিনটি লাশ ওই মাইক্রোবাসের মধ্যে রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

আহত সাতজনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মরিয়ম বেগম (৫৫), শারমিন আক্তার (১১), লাভলী আক্তার (১২), প্রমি (৯) ও সুমি আক্তার (১১)। তাঁরা সবাই পরস্পর আত্মীয়।

আহত ব্যক্তিদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত মরিয়ম বেগম বলেন, ‘আমরা বিমানবন্দর থেকে বাড়িতে ফিরছিলাম। হঠাত্ একটা শব্দ হয়। তখন দেখি, মাইক্রোবাসের পেছনে আগুন ধরেছে। কিছুক্ষণের মধ্যে পুরো মাইক্রোবাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করেন।