মাইক্রোবাসের চাপায় ফার্মাসিস্ট নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের চাপায় ইকবাল হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গত রোববার রাতে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইকবাল উপজেলার রাজাবিরাট উপস্বাস্থ্যকেন্দ্রে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল ওই দিন রাতে মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে বগুড়ার উদ্দেশে রওনা দেন। রাত নয়টার দিকে তিনি ফাঁসিতলা এলাকায় পৌঁছলে বগুড়াগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। ইকবালকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হলে পথে তিনি মারা যান। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। তবে যানটির চালক পলাতক রয়েছেন।
সাংবাদিক আহত
গতকাল সোমবার সকালে নীলফামারী জেলা শহরের ডাকবাংলো সড়কে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেল আরোহী মঞ্জুরুল আলমকে (৪০) পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আলম মাছরাঙা টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি। দুর্ঘটনায় তিনি ডান পায়ে আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।