মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের চাপায় তৃতীয় শ্রেণির দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন মাইক্রোবাসটির চার যাত্রী। আজ বুধবার সকাল নয়টার দিকে উপজেলার নাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হচ্ছে নাজিরবাজার দারুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ফরহাদ হোসেন (৮) ও শাহরান আহমদ (৮)। তাদের বাড়ি ওসমানীনগরের কেশবপুর গ্রামে। এ ঘটনার পর মাদ্রাসার শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ জানান, ঢাকা থেকে সিলেটগামী মাইক্রোবাসটির সামনের চাকা নাজিরবাজার এলাকায় ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ফরহাদ ও শাহরানের মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা চার যাত্রী আহত হয়েছেন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।