মাইক্রোবাসের চাপায় নারী নিহত, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই নারীসহ চারজন। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় লোকজন মাইক্রোবাসটি ভাঙচুর করে এবং চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার খাজুরবাড়িয়া এলাকায় কালাইয়া-দাশপাড়া-লোহালিয়া সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে।

নিহত নারীর নাম শেফালি রানী (৬৫)। তাঁর বাড়ি বরিশালের সাহেবের হাট এলাকায়।

আহত ব্যক্তিরা হলেন নিহত শেফালির ছোট বোন দীপালি রানী (৫৫), বাউফল উপজেলার বাহির দাসপাড়া গ্রামের সিরাজুল ইসলাম (৩৫), রাঙ্গাবালী উপজেলা সদরের সুবাস চন্দ্র রায় (৪৫) ও সুজাতা রানী (৩৮)। তাঁদের মধ্যে দীপালি রানীকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও উপজেলার দাসপাড়া ইউনিয়নের বিনোদ দাসের বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত থেকে পাঁচ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ‘মহানামযজ্ঞানুষ্ঠান’ শুরু হয়। ওই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে হিন্দুধর্মাবলম্বীরা যোগ দেন।

নিহত ও আহত ব্যক্তিরা ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। রাত ১২টার দিকে তাঁরা অনুষ্ঠান শেষে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। অনুষ্ঠানে উপজেলার কাগুজিরপুল এলাকার কয়েকজন মাইক্রোবাসে করে এসেছিলেন। তাঁরা ওই মাইক্রোবাসে করেই বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যাত্রীরা মাইক্রোবাসে ওঠার আগে চালক গাড়িটি ঘোরাতে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা কয়েকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই শেফালি রানী মারা যান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ির চালক বিকাশ দাসকে (৩৩) আটক করা হয়েছে। তাঁর বাড়ি বাউফল পৌরসভার কাগুজিরপুল এলাকায়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।