মাইক্রোবাসের ধাক্কায় পাঁচ পরীক্ষার্থীসহ আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় মাইক্রোবাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী পাঁচজন জেএসসি পরীক্ষার্থীসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার গাড়িদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর এর প্রতিবাদে এবং দুর্ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে স্থানীয় লোকজন দেড় ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করেন। এ সময় উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝিড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন ছাত্র বাড়ি ফিরছিল। গাড়িদহ বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে একটি মাইক্রোবাস সামনে থেকে চাপা দেয়। এতে ওই পাঁচ ছাত্র এবং অটোরিকশাটির চালক আহত হন।
জেএসসি পরীক্ষার্থী মো. ইমতিয়াজ উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং হবিবুর রহমান, মো. মোহন, সিরাজুল ইসলাম, মো. সৈকত ও চালক হাবিল উদ্দিনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা বগুড়ার শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা মোসলেম উচ্চবিদ্যালয়ের ছাত্র।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গতিরোধক নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। পরে ইউএনও দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর তাঁরা অবরোধ তুলে নেন।