মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল হোসেন (৫৫)। গত বৃহস্পতিবার উপজেলার মাছের খামার এলাকায় দায়িত্ব পালনের সময় তিনি দুর্ঘটনার শিকার হন। তাঁর বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গোজারীপাড়া গ্রামে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়ক থানার কয়েকজন পুলিশের সঙ্গে তোফায়েল হোসেন বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর-সৈয়দপুর মহাসড়কের উপজেলার মাছের খামার এলাকায় বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করার জন্য যান।বিকেল সাড়ে পাঁচটায় তিনি ওই সড়ক দিয়ে আসা রংপুরগামী একটি মাইক্রোবাস থামানোর জন্য নির্দেশ দেন। কিন্তু চালক মাইক্রোবাস না থামিয়ে তাঁকে ধাক্কা দেন। এতে তিনি আহত হন।পরে সহকর্মীরা এসআই তোফায়েলকে সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে আটটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।