মাইক্রোবাসের ধাক্কায় বুয়েটের ছাত্রী আহত, পলাশী মোড় অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রী আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে পলাশী মোড়ে ট্রাফিক আইল্যান্ড তৈরির উদ্যোগ নেয় বুয়েট কর্তৃপক্ষ। প্রথম আলো
মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রী আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে পলাশী মোড়ে ট্রাফিক আইল্যান্ড তৈরির উদ্যোগ নেয় বুয়েট কর্তৃপক্ষ। প্রথম আলো

রাজধানীর পলাশীতে মাইক্রোবাসের ধাক্কায় গতকাল রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রী আহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা দিনভর পলাশী মোড় অবরুদ্ধ করে রাখেন। ওই ছাত্রী পায়ে ও কোমরে আঘাত পেয়েছেন।
বুয়েটের শিক্ষার্থীরা ও পুলিশ জানায়, গতকাল সকাল পৌনে নয়টার দিকে পলাশী মোড়ে বুয়েটের স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আনিকা তাসনিমকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা চিকিৎসা দিয়ে তাঁকে প্রথমে পর্যবেক্ষণকক্ষে রাখেন। বিকেলে তাঁকে সেখান থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
আনিকাকে ধাক্কা দেওয়া ওই মাইক্রোবাস শিক্ষার্থীরা ভাঙচুর করেন। মাইক্রোবাসের গায়ে লিখে দেন, ‘নিরাপদ সড়ক চাই।’ দুর্ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীরা পলাশী মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পলাশী মোড় দিয়ে সব রকম যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বুয়েট ক্যাম্পাসে ঢোকার মুখের প্রতিবন্ধকতাগুলো নামিয়ে দেন। পলাশী মোড়ে মাইক্রোবাসটির আসন এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা পলাশীতে স্থায়ী গোলচত্বর (ট্রাফিক আইল্যান্ড) নির্মাণ এবং বুয়েটের মাঝের সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধের দাবি জানান।
বেলা ১১টার দিকে বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম পলাশী মোড়ে যান এবং সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি গতকালই একটি অস্থায়ী গোলচত্বর তৈরির আশ্বাস দেন। ওই এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং ট্রাফিক ব্যবস্থা উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।
উপাচার্য চলে যাওয়ার পর দুপুর ১২টার দিকে পলাশী মোড়ে একটি গোলচত্বর নির্মাণ শুরু হয়। বেলা দুইটার দিকে সেখানে শিক্ষার্থীদের সংখ্যা কমে আসে। বিকেল চারটার মধ্যে ওই নির্মাণকাজ শেষ হয়। তখনো কিছু শিক্ষার্থী পলাশী মোড়ে ছিলেন। পরে তাঁরা সেখান থেকে চলে যান। তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ ছিল। দুপুরে ওই এলাকার আশপাশের বিভিন্ন স্কুল ছুটির পর শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ভোগান্তি পোহাতে হয়।

দুর্ঘটনার পরে বিক্ষুব্ধরা মাইক্রোবাসটি ভাঙচুর করে এর গায়ে ‘নিরাপদ সড়ক চাই’ লিখে দেয় । প্রথম আলো
দুর্ঘটনার পরে বিক্ষুব্ধরা মাইক্রোবাসটি ভাঙচুর করে এর গায়ে ‘নিরাপদ সড়ক চাই’ লিখে দেয় । প্রথম আলো

বুয়েটের শিক্ষার্থীরা জানান, মেয়র হানিফ উড়ালসড়কের একটি মুখ বকশীবাজারে এসে মিশেছে। উড়ালসড়কটি খুলে দেওয়ার পর বুয়েট ক্যাম্পাসের মাঝের সড়ক দিয়ে যান চলাচল অনেক বেড়ে গেছে। দিন-রাত এ সড়ক দিয়ে বড় ও ভারী যানবাহন চলাচল করছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেলে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে চলে আসে।