সিলেটে চলচ্চিত্রের শিল্পী বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী এক মা ও তাঁর মেয়ে নিহত হয়েছেন। তাঁরা হলেন বিশ্বনাথ উপজেলার বর্ণি গ্রামের মস্তরা বিবি (৭০) ও তাঁর মেয়ে (৩০)। আহত হয়েছেন মাইক্রোবাসের যাত্রী ভারতীয় এক নায়িকা, তাঁর মাসহ চারজন। গতকাল সোমবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি পুড়িয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন পাউলি ধাম, তাঁর মা পাপিয়া ধাম ও শুটিং ইউনিটের আল্পনা প্রধান। আহত পাউলি ধাম প্রথম আলোকে জানান, তাঁরা পরিচালক গৌতম ঘোষের মনের মানুষ চলচ্চিত্রে অভিনয়ের শুটিংয়ের জন্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় পড়েন। তিনি সামান্য আঘাত পেয়েছেন। তাঁর মা ও আল্পনা প্রধান গুরুতর আহত হয়েছেন। পাউলি জানান, তিনি ওই ছবির নায়িকা।সিলেট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ প্রথম আলোকে জানান, দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মাইক্রোবাসটি আগুনে পুড়ছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি আটক করা হয়েছে।