মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে যাওয়া মাইক্রোবাস। ছবিটি গতকাল বেলা একটায় তোলা । প্রথম আলো
ফটিকছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে যাওয়া মাইক্রোবাস। ছবিটি গতকাল বেলা একটায় তোলা । প্রথম আলো

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে বউ-শাশুড়িসহ তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব সুয়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুবাই ফেরত মোহাম্মদ শফি নামের এক ব্যক্তিকে নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি ফেরার পথে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা সবাই শফির আত্মীয়স্বজন। তাঁর বাড়ি উপজেলার হারুয়ালছড়ি গ্রামের আমানবাজারের টিলাপাড়া এলাকায়। মাইক্রোবাসটিতে অন্তত ১৬ জন আরোহী ছিলেন।
নিহতরা হলেন শফির মা চেমন আরা বেগম (৬০), শাশুড়ি হালিমা খাতুন (৬০) ও ভাবি পারভীন আক্তার (৩০)। আহত ব্যক্তিরা হলেন মরিয়ম বেগম (৫৫), সুমি আক্তার (১১), নাছির (৩৪), এমরান (১৬) এবং শফির তিন মেয়ে শারমিন আক্তার (১১), লাভলী আক্তার (১২) ও পমি আক্তার (৯)। মরিয়মকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় অন্য চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, পমি ও সুমির অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাত, মুখ ও বুকের একাংশ পুড়ে গেছে। অন্য দুজন আশঙ্কামুক্ত।
নিহত পারভীনের ছেলে ওই মাইক্রোবাসের আরোহী ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুবাইপ্রবাসী চাচা শফি তিন বছর পর গতকাল সকালে বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সকাল নয়টার দিকে মাইক্রোবাসে করে গ্রামের বাড়ি ফটিকছড়ির উদ্দেশে রওনা হন। মাইক্রোবাসটিতে অন্তত ১৭ জন আরোহী ছিলেন। একপর্যায়ে চলন্ত মাইক্রোবাসের পেছনের আসনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখি। চালক মাইক্রোবাসটি থামানোর সঙ্গে সঙ্গে আমরা হুড়মুড় করে বেরিয়ে আসি। কিন্তু কয়েকজন ভেতরে আটকা পড়েন। আর তখনই বিস্ফোরণ ঘটে। আমার মা-দাদিসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।’
এ দুর্ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন গতকাল সন্ধ্যায় জানান, লাশ তিনটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পরপরই ওই মাইক্রোবাসের চালক পালিয়ে যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।