চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ মাইক্রোবায়োলজি সমিতির ২৬তম সম্মেলন গতকাল শনিবার শুরু হয়েছে। বাংলাদেশ মাইক্রোবায়োলজি সমিতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগ যৌথভাবে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ভবনে এ সম্মেলন হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা ছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ মাইক্রোবায়োলজি সমিতির সভাপতি ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মজিবুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক মাহমুদা ইয়াসমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন নূরুল আনোয়ার এবং ধন্যবাদসূচক বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির সচিব ও মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি মো. তৌহিদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে কয়েক বছর ধরে মানুষ, পশুপাখি ও প্রাণীকূলের দৈনন্দিন স্বাভাবিক জীবন যাপনে বিরূপ প্রভাব পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘মাইক্রোবেস অ্যান্ড এনভায়রনমেন্ট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবির পরিচালক ফেরদৌসী কাদরী। এই পর্বে আলোচনায় অংশ নেন বিএইউএর মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক মো. মনছুরুল আমিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সি আর আহসান। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক আদনান মান্নান।