মাইক্রোসফটের সফটওয়্যার প্রতিযোগিতা ইমাজিন কাপ-২০১১ জিতেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট করপোরেশন আয়োজিত সফটওয়্যারের উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ইমাজিন কাপ-২০১১’ পুরস্কার জিতেছে বাংলাদেশ। প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে অংশ নিয়েই প্রতিযোগিতার পিপলস চয়েজ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইউবি) দল ‘টিম র‌্যাপচার’। গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইমাজিন কাপের চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণ করা হয়। এআইইউবি টিম র‌্যাপচার সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। পুরস্কার হিসেবে স্মারক ছাড়াও আছে ১০ হাজার ডলার।এআইইউবির এ দলটির সদস্যরা হলেন: শহীদুল ইসলাম, মুস্তাকিম তালুকদার, অভিষেক আহমেদ ও আহমেদ নিয়াজ মোর্শেদ (মেন্টর)।সফটওয়্যার উদ্ভাবনের দক্ষতা বাড়াতে এবং সফটওয়্যার তৈরিতে উৎসাহ দিতে মাইক্রোসফট বিশ্বব্যাপী কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমাজিন কাপ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। চলতি বছরের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হয় বাংলাদেশের আঞ্চলিক প্রতিযোগিতা। এতে এআইইউবির এ দলটি চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে পৌঁছায়।বাংলাদেশ পর্বের প্রতিযোগিতার আঞ্চলিক বিচারক আশরাফুল আলম প্রথম আলোকে জানান, পুরস্কারপ্রাপ্ত দলটি মুঠোফোনভিত্তিক এমন সফটওয়্যার বানিয়েছে, যা দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বাভাবিক কাজ করতে সহায়তা করবে। ‘তৃতীয় নয়ন (থার্ড আই)’ নামের এ সফটওয়্যার ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধীরা রাস্তায় চলাচল, বই পড়া, গান শোনার মতো কাজ নিজেরাই করতে পারবে।ইমাজিন কাপের এবারের প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে সাড়ে তিন লাখ প্রতিযোগী অংশ নেন। মোট ১০টি বিভাগে পুরস্কার দেয় মাইক্রোসফট। অন্যান্য বিভাগে বিচারকদের রায়ে শীর্ষ তিনটি করে দলকে পুরস্কার দেওয়া হয়েছে। শুধু পিপলস চয়েজ পুরস্কারটি নির্ধারিত হয় ভোটের মাধ্যমে। সারা বিশ্ব থেকে আসা ভোটের মধ্যে সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে এবার বাংলাদেশ এই পুরস্কার জিতে নিল। এ বিভাগে শুধু বাংলাদেশের দলটিই পুরস্কার পেয়েছে।