মাইজদী বাজার-হাসানহাট সড়ক বেহাল, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইজদীবাজার-হাসানহাট সড়কটি খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে l প্রথম আলো
মাইজদীবাজার-হাসানহাট সড়কটি খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে l প্রথম আলো

নোয়াখালী শহরের মাইজদী বাজার-হাসানহাট সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা।
সড়কটি সংস্কারের দাবিতে গত মাসের শেষ দিকে এলাকার বাসিন্দারা শহরের প্রধান সড়ক অবরোধ করেছিলেন। তখন পৌরসভার মেয়র দুই সপ্তাহের মধ্যে সড়কটির সংস্কারকাজ শুরু করার আশ্বাস দিয়েছিলেন। বাস্তবে প্রতিফলন ঘটেনি।
সরেজমিনে দেখা যায়, সড়কটির মাইজদী বাজার থেকে রেলস্টেশন এলাকা পর্যন্ত বেশির ভাগ অংশই খানাখন্দে ভরা। কার্পেটিং উঠে গিয়ে অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর ওই সব গর্তে বৃষ্টির পানি জমে থাকায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির পাশে সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়, সরকারি শিশু পরিবার, জেলা আনসার-ভিডিপির ক্যাম্পসহ কয়েকটি সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। এসব দপ্তরে প্রতিদিন অনেক লোক আসা-যাওয়া করেন। তা ছাড়া বেগমগঞ্জের হাসানহাট, সেনবাগ উপজেলার দক্ষিণাঞ্চল, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার উত্তরাঞ্চলের লোকজন জেলা শহরে যাতায়াতে এই সড়কটি ব্যবহার করেন। কিন্তু প্রায় ১০ বছরেও সড়কটির কোনো সংস্কার করা হয়নি। ফলে দিন দিন সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে।
আনসার ক্যাম্প এলাকা দিয়ে যাওয়ার সময় স্কুলশিক্ষিকা রহিমা আক্তার প্রথম আলোকে বলেন, তিনি মাইজদী বাজার রেলস্টেশন এলাকায় থাকেন। সড়কের দুরবস্থার কারণে এদিকে রিকশা, ইজিবাইক কিছুই আসতে চায় না। কেউ রাজি হলেও দু-তিন গুণ বেশি ভাড়া দিতে হয়।
অটোরিকশাচালক মো. ইউছুফ বলেন, সড়কের অবস্থা খারাপ হওয়ার কারণে প্রায়ই অটোরিকশা বিকল হয়ে যায়। এতে প্রতিনিয়ত লোকসান গুনতে হয়। তা ছাড়া খানাখন্দ দিয়ে একটানা কয়েক দিন গাড়ি চালালে শরীর অসুস্থ হয়ে পড়ে।
নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ প্রথম আলোকে বলেন, ‘সড়কটির সংস্কারের বিষয়ে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’