মাইজদী হাউজিং এস্টেটের সড়কগুলো বেহাল, দুর্ভোগ
‘সন্তানদের পড়ালেখার সুবিধার্থে জেলা শহরের মাইজদী হাউজিং এস্টেটে বাসা ভাড়া করে থাকছি ১০-১২ বছর ধরে। কিন্তু এই সময়ে কখনো হাউজিংয়ের রাস্তার উন্নয়নকাজ করতে দেখিনি। প্রতিটি রাস্তা ভাঙাচোরা, গর্তে ভরা। রিকশায় তো দূরের কথা, হাঁটাও দায়। এসব নিয়ে যেন কারোরই মাথাব্যথা নেই।’ সম্প্রতি ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন হাউজিং এস্টেটের বাসিন্দা জহিরুল ইসলাম। এই ক্ষোভ এখন শুধু জহিরুলেরই নয়, হাউজিংয়ে বসবাসকারী হাজারো বাসিন্দার। তাঁদের ক্ষোভ ও প্রশ্ন একটাই—আমরা গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে সরকারি নিয়মানুযায়ী অর্থের বিনিময়ে জায়গা কিনে বাড়ি করেছি। পৌরসভাকে নিয়মিত ট্যাক্স দিচ্ছি। কিন্তু ন্যূনতম নাগরিক-সুবিধাও তাঁদের ভাগ্যে জুটবে না কেন? সরেজমিনে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের প্রতিটি সড়কেরই অবস্থা বেহাল। কার্পেটিং উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো রাস্তায় কার্পেটিংয়ের চিহ্নটুকুও নেই, যা দিয়ে হেঁটে চলাচল তো দূরের কথা যানবাহনে চলাচলও দুরূহ। এ ছাড়া রাস্তার পাশের নালাগুলোও ভেঙে ভরাট হয়ে গেছে। নালার পানি উপচে গিয়ে রাস্তায় পড়ে। ১৮ নম্বর সড়ক এলাকার বাসিন্দা জামাল হোসেন বলেন, শুধু রাস্তাঘাটই নয়, হাউজিংয়ের ভেতরের ডাস্টবিনগুলোও নিয়মিত পরিষ্কার করা হয় না। পানি নিষ্কাশনব্যবস্থাও পরিকল্পিত নয়। সড়ক বাতিগুলো ঠিকমতো জ্বলে না। তিনি প্রশ্ন রাখেন, এসব দেখার জন্য কি কেউ নেই?রিকশাচালক নুর হোসেন বলেন, ‘রাস্তার যে অবস্থা তাতে হাউজিংয়ে ভাড়া নিয়ে আসতে ইচ্ছা হয় না। বিশেষ করে, রাতের বেলায় কখনো ভাড়া নিয়ে আসেন না তিনি। অন্ধকারে রিকশার চাকা গর্তে পড়ে যায়।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাইজদী হাউজিং এস্টেটে ৪৩৮টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এর দুই-তৃতীয়াংশে এরই মধ্যে গড়ে উঠেছে বাসাবাড়ি। খালি প্লটগুলোতেও চলছে বাড়ি নির্মাণের কাজ। প্লট বরাদ্দ দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে জমির মূল্য, নামজারির খরচসহ নিয়মানুযায়ী সরকারি ফি নেওয়া হয়। পৌর মেয়র হারুনুর রশীদ আজাদ বলেন, সরকারের কাছ থেকে অবকাঠামো উন্নয়নকাজের জন্য তাঁরা যে পরিমাণ বরাদ্দ পান, তা অতি সামান্য। এর পরও সমপ্রতি সাহায্য সংস্থার প্রকল্পের আওতায় হাউজিংয়ের প্রধান দুটি সড়কের দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। এ ছাড়া নালাগুলোও পরিষ্কার করা হচ্ছে।