মাইন বিস্ফোরণে রোহিঙ্গার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আশারতলী শূন্যরেখায় আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে স্থলমাইন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম নুরুস সালাম (২২)। তিনি নাইক্ষ্যংছড়ির শাপমারাঝিরি এলাকার একটি আশ্রয়শিবিরের রোহিঙ্গা।

দুপুরে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের রাখাইন রাজ্যের শিলখালী গ্রামে যাওয়ার সময় স্থলমাইন বিস্ফোরণে সালাম নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরওয়ার কামাল ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে শাপমারাঝিরি আশ্রয়কেন্দ্র থেকে রোহিঙ্গাদের বাসে তুলে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে পাঠানো হচ্ছিল। বেলা দুইটা পর্যন্ত একাধিক বাসে করে ৩২ পরিবারের প্রায় ২০০ জন রোহিঙ্গাকে উখিয়ায় পাঠানো হয়। এ সময় খবর আসে শূন্যরেখা বরাবর মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নুরুস সালাম নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাঁর লাশ ওপারে পড়ে আছে।

সেপ্টেম্বরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির শূন্যরেখায় মাইন বিস্ফোরণে ১০ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নাইক্ষ্যংছড়ির বাসিন্দা, বাকিরা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা।


নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় বহু রোহিঙ্গা ধনসম্পদ লুকিয়ে এসেছিলেন। এখন অনেকে সেসব আনতে মিয়ানমারে যাচ্ছেন। শূন্যরেখা অতিক্রম করে রাখাইন রাজ্যে যাওয়ার সময় রোহিঙ্গারা মাইন বিস্ফোরণে হতাহত হচ্ছেন। সেপ্টেম্বর মাসে এই সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে ১০ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নাইক্ষ্যংছড়ির বাসিন্দা, বাকিরা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা।