মাইনী নদী থেকে বালু উত্তোলন
প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করার পরও খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের ফলে ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতার মেরুং খাদ্যগুদাম মাইনী নদীর ভাঙনের কবলে পড়েছে। ছাত্রলীগের এক নেতাকে ৩০ হাজার টাকা দিয়ে বালু তোলার কথা বলছেন আবদুর জব্বার নামের এক ব্যক্তি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এক নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) মেরুং খাদ্যগুদামের পাশে কয়েক মাস ধরে মাইনী নদীতে যন্ত্র বসিয়ে বালু তুলে বিক্রি করছেন আবদুর জব্বার। ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন দুলাল অভিযোগ করেন, বালু তোলায় হাজাছড়া এলাকার অনেক জমি ভাঙনের কবলে পড়েছে। প্রশাসনকে জানানোর পর কিছুদিন বালু উত্তোলন বন্ধ ছিল। এক মাস ধরে আবার উত্তোলন শুরু করেছে।
মেরুং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমু চাকমা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আবদুর জব্বার জানান, উপজেলা ছাত্রলীগের এক নেতাকে বাৎসরিক ৩০ হাজার টাকা দিয়ে তিনি বালু তুলছেন। তবে তিনি ওই নেতার নাম জানাননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ বলেন, কিছুদিন আগে অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য সতর্ক করা হয়েছিল। এখন যদি আবার বালু তোলা হয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।