মাইনীর ভাঙনের মুখে মেরুং খাদ্যগুদাম
খাগড়াছড়ির দীঘিনালার ১ নম্বর মেরুং ইউনিয়নের মেরুং খাদ্যগুদামটি মাইনী নদীর ভাঙনের কবলে পড়েছে। খাদ্যগুদামটির পাশেই চলে এসেছে নদীর পানি চলাচলের গতিপথ। নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে খাদ্যগুদামটি যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ৫০০ মেট্রিক টন খাদ্যশস্য ধারণক্ষমতাসম্পন্ন খাদ্যগুদামটি নদীগর্ভে চলে গেলে সরকারি খাদ্যশস্য মজুত রাখা সম্ভব হবে না।
সরেজমিনে মেরুং ঘুরে দেখা যায়, মেরুং খাদ্যগুদামসহ হাজাছড়া এলাকার অধিকাংশ চাষাবাদের জমি মাইনী নদীর ভাঙনের কবলে পড়েছে। মেরুং খাদ্যগুদামটির পাশ ঘেঁষেই নদীর পানির গতিপথ চলে এসেছে।
এক নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, মেরুং এলাকার আটটি বাঙালি গুচ্ছগ্রাম ও ভারত প্রত্যাগত শরণার্থীদের মাসিক খয়রাতি রেশন মজুত রাখার একমাত্র সরকারি খাদ্যগুদাম এটি। মেরুং এলাকার খাদ্যগুদামটিসহ হাজাছড়ার অনেক এলাকা ভাঙনের কবলে পড়েছে। খাদ্যগুদামটি ভাঙনের কবল থেকে রক্ষায় দ্রত ব্যবস্থা গ্রহণ করা না হলে নদীগর্ভেই চলে যাবে। গুদামটি নদীগর্ভে চলে গেলে ১২ কিলোমিটার দূরের উপজেলা সদর খাদ্যগুদাম থেকে খাদ্যশস্য ছাড় করে আনতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
মেরুং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমু চাকমা বলেন, এত দিন খাদ্যগুদামের পাশে নদীতে একটি বাঁশবাগান থাকার কারণে কোনোরকমে মাটি ধরে ছিল। কয়েক দিন আগে বাঁশবাগানটিও নদীগর্ভে চলে গেছে। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো মুহূর্তে গুদামটি নদীতে মিশে যাবে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজুলল জাহিদ বলেন, ‘মেরুং এলাকার মাইনী নদীর ভাঙন এলাকাটি সরেজমিন পরিদর্শন করেছি। খাদ্যগুদামটি নদীর ভাঙন থেকে রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিষয়টি উপজেলার মাসিক সমন্বয় সভার কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করে জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।