মাইনে আহত বন্য হাতিকে খুঁজছে বন বিভাগ

বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে একটি বন্য হাতি আহত হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। হাতিটি যাতে রোহিঙ্গা শিবির বা বসতি এলাকায় এসে আক্রমণ করতে না পারে, সে জন্য এটিকে খুঁজছেন বন বিভাগের কর্মীরা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর বন বিভাগের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি রেঞ্জের আশাতলী বিজিবি ক্যাম্প এলাকার পাশে দুই দেশের নো ম্যানস ল্যান্ড বা সীমান্তে শূন্যরেখায় হাতিটি আহত হয়। নাইক্ষ্যংছড়ির স্থানীয় একজন অধিবাসী বন বিভাগকে টেলিফোনে মাইন বিস্ফোরণে হাতিটি আহত হওয়ার বিষয়টি জানান। বন বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে হাতিটি পাননি।
আহত হাতিটি উদ্ধারের জন্য ৩১ অক্টোবর বন বিভাগের লামা কার্যালয় নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু বাংলাদেশ-মিয়ানমার রাজনৈতিক সম্পর্কের উত্তেজনা ও রোহিঙ্গা পরিস্থিতির কারণে ওই দুই সংস্থা বন বিভাগকে হাতিটি উদ্ধার অভিযান পরিচালনার অনুমতি দেয়নি। এ বিষয়ে বন বিভাগের লামা কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা কামালউদ্দিনের পক্ষ থেকে বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের কাছে একটি চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান রোহিঙ্গা পরিস্থিতির কারণে ওই স্থানে গেলে বড় ধরনের জানমালের ক্ষতির আশঙ্কা করা হয়েছে। বিজিবি ক্যাম্প থেকে বলা হয়েছে, বন্য হাতিটি আহতাবস্থায় অন্যত্র চলে গেছে। হাতিটি কোথায় গেছে, তারা তা খুঁজে দেখছে।
জানতে চাইলে বন বিভাগের প্রকৃতি সংরক্ষক ও বন্য প্রাণী বিভাগের প্রধান জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যেখানে ক্যাম্প স্থাপন করা হয়েছে, সেটি এমনিতেই বন্য হাতির যাতায়াতের স্থান। হাতির পালের আঘাতে ইতিমধ্যে কয়েকজন রোহিঙ্গা নিহত ও আহত হয়েছে। আহত বন্য হাতি বসতি এলাকায় এসে পড়লে তা আরও বড় দুর্ঘটনা ঘটাতে পারে। সে জন্য স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা নিয়ে বন বিভাগের কর্মীরা হাতিটি খুঁজছেন।
এর আগে ৪ অক্টোবর দুপুরে উখিয়ার বালুখালী-১ ক্যাম্পে বন্য হাতির আক্রমণে চারজন রোহিঙ্গার মৃত্যু হয়। এর মাসখানেক আগে বালুখালীর কাছে মধুরছড়া এলাকায় বন্য হাতির আক্রমণে আরও চারজনের মৃত্যু হয়েছিল।
আইইউসিএনের সর্বশেষ জরিপ বলছে, বাংলাদেশে বন্য হাতি আছে ২৬৮টি (পুরুষ ৬৭, মাদি ১৭২, বাচ্চা ২৯)। বিভিন্ন চিড়িয়াখানা, সাফারি পার্ক ও ব্যক্তির অধীনে আছে ৯৬টি। আর ৯৩টি হাতি ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে যাতায়াত করে।
ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ভেসে একটি হাতি গত ২৮ জুন এ দেশে আসে। ব্রহ্মপুত্র নদ পার হয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে। ১৬ আগস্ট জামালপুরের সরিষাবাড়ীতে মারা যায় হাতিটি।
এ ব্যাপারে কথা হয় প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএনের হাতি বিশেষজ্ঞ ও হাতি কর্মপরিকল্পনার প্রকল্প পরিচালক আবদুল মোতালেবের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, হাতি সাধারণত ফসল পাকার এই সময়ে মিয়ানমার ও ভারত থেকে বাংলাদেশের ভেতর দিয়ে চলাচল করে। ভারতের আসাম থেকে গত বছর বঙ্গ বাহাদুর নামে যে হাতিটি এসেছিল, সেটিও আহত ছিল। কিন্তু বন্যার পানিপ্রবাহ এলাকায় সেটি বিচরণ করায় এর আক্রমণে মানুষের কোনো ক্ষতি হয়নি। এই হাতিটি শুকনা সময়ে এসেছে এবং যেকোনো সময় তা রোহিঙ্গা বা অন্য কোনো বসতি এলাকায় চলে এলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। সর্বোপরি বাংলাদেশ তার সীমানায় থাকা সব ধরনের হাতিকে রক্ষায় একটি কর্মপরিকল্পনা করেছে। ফলে এই হাতিটি আহত হলে একে চিকিৎসা দিতে হবে।