মাইন্ডস্পার্ক প্রতিযোগিতায় এআইইউবির সাফল্য
‘মাইন্ডস্পার্ক ২০২২’ প্রতিযোগিতায় রোবো সকার ও রোবো রেস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ফিউরিয়াস টিম। একই বিভাগের আরেকটি দল এআইইউবি ফিউরিয়াস ২.০ রানার্সআপ হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সম্প্রতি আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘ইনোভেশন অ্যান্ড ডিজাইন ক্লাব’ এই প্রতিযোগিতার আয়োজন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে মোট ৬৩টি দল রোবো সকার ও ৩৪টি দল রোবো রেস প্রতিযোগিতায় অংশ নেয়।
রোবো সকার ও রোবো রেস বিভাগে অংশগ্রহণকারী এআইইউবি ফিউরিয়াস দলের সদস্যরা হলেন মো. মমিনুল ইসলাম ও কানিজ মহোসিনা তাবাসসুম। অপর দিকে ফিউরিয়াস ২.০ দলের সদস্যরা হলেন রামিন মেহরান, দীপ ঘোষ, তনয় বনিক ও মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়।