মাউন্ট এলব্রুসের পথে বাংলাদেশের তিন অভিযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়াতে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন বাংলাদেশের তিন অভিযাত্রী। রাশিয়ার কাবারদিনো বালকারিয়া ও কারাচেই-চেরকাসিয়া অঞ্চলের পশ্চিম ককেশাস পর্বতরেঞ্জের পর্বত মাউন্ট এলব্রুস। ১৮ হাজার ৫১০ ফুট উচ্চতার এই পর্বত চূড়া পৃথিবীর ১০তম সর্বোচ্চ চূড়া। প্রথম এভারেস্টজয়ী বাংলাদেশি মুসা ইব্রাহীম, পর্বতারোহী নিয়াজ পাটোয়ারী ও সিফাত ফাহমিদা নওশিন আগামীকাল ১১ জুন এই অভিযানের উদ্দেশে রাশিয়া রওনা দেবেন।এ উপলক্ষে গতকাল রোববার ঢাকার রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান।ফারুক খান বলেন, বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক উন্নয়ন ও দুই দেশের পর্যটন বিকাশে ‘ফার্স্ট বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ এক্সপেডিশন টু মাউন্ট এলব্রুস’ শীর্ষক অভিযান বেশ গুরুত্বপূর্ণ আয়োজন। অনুষ্ঠানে বাংলাদেশের পর্বত অভিযাত্রীদের হাতে পতাকা তুলে দেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও সংস্কৃতিকেন্দ্রের পরিচালক আলেক্সান্দর পেত্রোভিচ দিওমিন, প্রটোকল অফিসার আরতুর জাকায়েভ। মাউন্ট এলব্রুস জয়ের জন্য সার্বিক সহযোগিতা করছে রাশিয়ার কাবারদিনো-বালকারিয়া প্রজাতন্ত্রের ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশের অভিযাত্রীদের এই অভিযানের পৃষ্ঠপোষকতায় রয়েছে সামিট গ্রুপ, ফার ইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।প্রথমবারের মতো ইউরোপের সর্বোচ্চ চূড়া জয়ের অভিযানের আয়োজন করেছে এভারেস্ট একাডেমি ও নর্থ আলপাইন ক্লাব।