মাউশি, এনসিটিবি ও নায়েমের তিন পরিচালক পদে বদল
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) তিন পরিচালক পদে শিক্ষা ক্যাডারের তিন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এ বিষয়ে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় এক আদেশ জারি করে।এর মধ্যে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) দীপক কুমার নাগকে ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) মো. আবুল কাশেম মিয়াকে। ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমানকে করা হয়েছে মাউশির পরিচালক (মাধ্যমিক)। বেশ কিছুদিন ধরে এই পদটি খালি ছিল। বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক ইফফাত আরা নার্গিসকে করা হয়েছে নায়েমের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)।একই আদেশে নারায়ণগঞ্জ তোলারাম কলেজের শিক্ষক মো. সফিকুল ইসলাম আকন্দকে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ, যশোরের সরকারি এম এম কলেজের শিক্ষক প্রদীপ বড়ুয়াকে বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও একই কলেজের অধ্যক্ষ মো. রহুল আমীনকে চট্টগ্রামের গাছবাড়িয়া সরকারি কলেজে সহযোগী অধ্যাপক পদে বদলি করা হয়েছে। বদলি করা কর্মকর্তাদের ১০ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।