চার বিদ্যালয় পরিদর্শকের পদ শূন্য থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম তদারকির কেউ নেই। এতে আঞ্চলিক কার্যালয় থেকে এসব বিদ্যালয়ের পড়াশোনার মান যাচাই, শিক্ষক-শিক্ষার্থীদের গুণগত অবস্থান সম্পর্কে সঠিক ধারণা পাওয়া এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ ও মূল্যায়নে সমস্যা হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী-সংকটের কারণেও ভোগান্তি পোহাতে হচ্ছে। মাউশি চট্টগ্রাম অঞ্চলের আওতায় সাতটি জেলায় ৫১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ১৩টি, কক্সবাজারে ছয়টি, রাঙামাটিতে ছয়টি, বান্দরবানে সাতটি, খাগড়াছড়িতে পাঁচটি, নোয়াখালীতে ১২টি এবং ফেনী জেলায় দুটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। জানা যায়, মাউশি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে দুজন বিদ্যালয় পরিদর্শক ও দুজন সহকারী বিদ্যালয় পরিদর্শকের পদ রয়েছে। কিন্তু ২০১০ সালের শুরু থেকে এসব পদ শূন্য। দীর্ঘদিন বিদ্যালয় পরিদর্শক না থাকায় আঞ্চলিক কার্যালয়ের অধীন বিদ্যালয়গুলো সম্পর্কে যথাযথ মূল্যায়নে সমস্যা দেখা দেয়। বর্তমানে মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন প্রকল্পের (সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট—এসইএসডিপি) কয়েকজন গবেষণা কর্মকর্তা এই কার্যালয়ে কর্মরত আছেন। তাঁদের মাধ্যমে কিছু কিছু কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। অপর দিকে মাউশির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে একজন হিসাবরক্ষণ কর্মকর্তা ও তিনজন অফিস সহকারীর পদ শূন্য রয়েছে। এ ছাড়া কার্যালয়ের অধীন বিদ্যালয়গুলোতে অফিস সহকারী পদমর্যাদার ৯৬টি পদের মধ্যে কর্মরত আছেন ৪১ জন, ৫৫টি পদ শূন্য রয়েছে। এমএলএসএস পদের ২৬৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৮০ জন, শূন্য রয়েছে ৮৯টি পদ। জানা যায়, ২০০৫ সালে সর্বশেষ চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে নিয়োগ বন্ধ রয়েছে। অথচ ২০০৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, আঞ্চলিক কেন্দ্রে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়ার ক্ষমতা রয়েছে আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকের। কিন্তু মহাপরিচালকের (ডিজি) কার্যালয়ের সাম্প্রতিক নির্দেশনার কারণে বর্তমানে সে নিয়োগও বন্ধ রয়েছে বলে জানা গেছে। এসব বিষয়ে মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নিয়োগবিধি মামলার কারণে আমাদের এসব পদ শূন্য রয়েছে। আমরা বর্তমানে এসএসডিপির গবেষণা কর্মকর্তাদের সহায়তায় বিদ্যালয় পরিদর্শকদের ঘাটতি পূরণের চেষ্টা করছি। কিন্তু সমস্যা হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী- সংকটের কারণে। খুব সহসা এর সমাধান হবে বলে আশা করছি। কারণ, এসব সংকটের বিষয়ে সরকার অবগত আছে।’