মাউশির মহাপরিচালককে আদালত অবমাননার রুল হাইকোর্টের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশ অনুসরণ না করে তিন শিক্ষককে সরকারি অর্থ প্রদান অব্যাহত রাখার অভিযোগে করা আদালত অবমাননার এক আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ এ রুল দেন।
বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চের দেওয়া রুলে আদালত অবমাননার অভিযোগে কেন ফাহিমা খাতুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে তাঁকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক ইনাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
আইনজীবী সূত্র জানায়, ঢাকার ফজলুল হক মহিলা কলেজের গভর্নিং বডি তিনজন শিক্ষককে আইন অনুসরণ না করে নিয়োগ দেয়। ওই তিন শিক্ষকের নাম এমপিওভুক্ত করে তাঁদের সরকারি তহবিল থেকে অর্থ দেওয়া হয়।