মাওনা চৌরাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় গড়ে তোলা অননুমোদিত দোকানপাট গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ বিভাগ, শ্রীপুর থানা, মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন।সওজের গাজীপুর কার্যালয়ের প্রকৌশলী এস এম শফিকুল আলম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চলছে। বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে মাওনা চৌরাস্তার উত্তর ও দক্ষিণ অংশের দেড় শতাধিক ছোট-বড় দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।মাওনা চৌরাস্তা বাজার ইজারাদার মো. সেলিম মিয়া জানান, সওজ আগে তাঁদের কোনো নোটিশ দেয়নি। হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালানোয় তাঁদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সওজের উপসহকারী প্রকৌশলী মোতাহার হোসেন খন্দকার জানান, গত বুধবার ব্যবসায়ীদের তাঁদের মালামাল সরিয়ে নিতে বলা হয়। তাঁরা বৃহস্পতিবারও কিছু মালামাল সরিয়ে নেন। শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের অনুরোধে মাংস ও মাছমহলের উচ্ছেদ এক দিনের জন্য স্থগিত করা হয়েছে।