মাওবাদী কংগ্রেসের দ্বিতীয় প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে নতুন চরমপন্থী সংগঠন মাওবাদী কংগ্রেসের (পূর্ববাংলা) দ্বিতীয় প্রধান জামিরুল ইসলামকে (৩১) তাঁর দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বামুন্দি ও রামনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।জামিরুল ছাড়া গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন আবদুল হালিম (২৯) ও মহিরুল হক (২৫)। জামিরুল উপজেলার বালিয়াঘাট গ্রামের এবং হালিম ও মহিরুল রামনগর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তাঁদের গাংনীর যুবদল নেতা কাজল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রোববার তাঁদের মেহেরপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ আলীর আদালতে হাজির করে পুলিশ সাত দিন রিমান্ডের আবেদন করে। আজ সোমবার আবেদনের ওপর শুনানি হতে পারে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেন, আগ্নেয়াস্ত্রের চেয়ে তাঁরা বোমার ব্যবহার বেশি করেন। কেননা, অস্ত্রসহ ধরা পড়লে সহজে জামিন হয় না। আবার মূল্যবান অস্ত্রটিও হারাতে হয়। সংগঠনের সদস্যরাই ভারত থেকে বিস্ফোরক দ্রব্য কিনে এনে বোমা তৈরি করেন। গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি জনযুদ্ধ ও লাল পতাকাসহ নানা চরমপন্থী সংগঠনের বহু সদস্য কারাবন্দী। অনেক কমরেড মারা গেছেন। অনেকে পুলিশের নজরদারিতে। তা ছাড়া ওই সব সংগঠন আদর্শবিচ্যুত হয়ে পড়েছে। তাই পুলিশি নজর এড়াতে এবং নতুন সদস্য সংগ্রহ ও সশস্ত্র যুদ্ধের মাধ্যমে শ্রেণীশত্রু খতম করতে তিন মাস আগে তাঁরা নতুন এই সংগঠন গড়ে তোলেন। তাঁদের সংগঠনের প্রধানের নাম মাহজারুল ইসলাম ওরফে স্বপন বাবু (৩৭)। তাঁর বাড়ি গাংনীর নতুন মটমুড়া গ্রামে। সংগঠনের বর্তমান সদস্যসংখ্যা প্রায় ২০০। যাঁদের বেশির ভাগই অপর চরমপন্থী সংগঠনগুলো থেকে বের হয়ে এসেছেন। মেহেরপুর সদর, গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর, আমলা, খলিসাকুন্ড ও ভেড়ামারা এলাকায় তাদের কার্যক্রম চলছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিঞা জানান, এঁদের সাংগঠনিক কোনো আদর্শ নেই। অপহরণ করে চাঁদা আদায়, ডাকাতি ও মানুষ হত্যা করা তাঁদের কাজ। তিনি আরও জানান, চাঁদা দাবি করে এলাকার প্রায় প্রতিটি ইটভাটায় তাঁরা প্রচারপত্র দিয়েছেন। গত ১৬ জানুয়ারি গভীর রাতে গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের আদম আলী নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়। ওই দিনই মুঠোফোনের মাধ্যমে পুলিশ ও সাংবাদিকদের সংক্ষিপ্ত বার্তা (এসএমএস) পাঠিয়ে হত্যার দায় স্বীকার করে মাওবাদী কংগ্রেসের প্রধান মাহজারুল। ওই মুঠোফোনের নম্বরের সূত্র ধরেই শনিবার রাতে গাংনীর বামুন্দি পেট্রলপাম্প এলাকা থেকে প্রথমে জামিরুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার রামনগর এলাকা থেকে পুলিশ তাঁর দুই সহযোগী হালিম ও মহিরুলকে গ্রেপ্তার করে। তাঁরা সবাই স্বল্পশিক্ষিত ও দুর্ধর্ষ প্রকৃতির। গাংনী থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ওই তিনজনের নামে গাংনী থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণের পাঁচটি করে মামলা ও বহু অভিযোগ রয়েছে। এই সংগঠনের প্রধান মাহজারুল গাংনী যুবদল নেতা কাজল হত্যা মামলার প্রধান আসামি। চাঁদা সংগ্রহের কাজে বাধা দেওয়ায় ২০০৩ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বামুন্দি বাজারে বোমা হামলা চালিয়ে উপজেলা যুবদল নেতা কাজলকে হত্যা করা হয়। ওই সময় মাহজারুল জনযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন।