মাওয়া-কাওড়াকান্দিতে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার
মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের লঞ্চ ধর্মঘট আজ রোববার সকাল সাতটার দিকে প্রত্যাহার করা হয়েছে।
লঞ্চ মালিক সমিতি সূত্র জানায়, গতকাল শনিবার সকালে লঞ্চমালিক ইয়াকুব বেপারী তাঁর ‘শাহ পরান’ নামের লঞ্চটিতে সিরিয়াল না মেনে যাত্রী ওঠান। তিনি অবৈধভাবে অন্য সব লঞ্চের সিরিয়াল ভেঙে কাওড়াকান্দি থেকে যাত্রী নিয়ে মাওয়ার উদ্দেশে লঞ্চ ছাড়েন। রুট পারমিট ছাড়া শাহ পরান লঞ্চটি মাওয়া লঞ্চঘাটে পৌঁছালে ওই রুটে চলাচলরত প্রায় ৮৬টি লঞ্চের মালিক ক্ষুব্ধ হন। পরে তাঁরা মাওয়া লঞ্চঘাটে জরুরি বৈঠকে বসেন। এরপর ওই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেন তাঁরা। পরে শাহ পরান লঞ্চের মালিকপক্ষ ভুল স্বীকার করে।
লঞ্চ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আবদুল রউফ জানান, ‘নৌপরিবহনমন্ত্রীর বিশেষ অনুরোধ আর দোষী ব্যক্তি অপরাধ স্বীকার করায় আমরা গতকাল রাতে জরুরি বৈঠক করে ওই ধর্মঘট প্রত্যাহার করি। তবে আগামী দিনে এ রকম অনিয়ম পেলে আবারও আমরা বৃহত্ আন্দোলনে যাব।’